
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৯। মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাদকবিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। র্যালিটি মিরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমায়া আক্তার, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এবং মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার শীল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহেদ হোসাইন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাসুম ও সদস্যসচিব ইনজামুল হক ইমন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমায়া আক্তার জানান, গত এক মাসে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই ব্যাধি দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :