
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুবক ও যুবনারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খাতে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদানের জন্য ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে বাংলাদেশ ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির এবং যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা অনুষ্ঠানে যোগ দেন। কর্মসংস্থান ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান এবং কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :