
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য ভারত সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এর আগে, দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “আমার মনে হয়, ওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের দিক থেকে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটি ঘটবে।”
উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :