Facebook Twitter Instagram YouTube

ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে নতুন চুক্তির পথে হাঁটছেন ট্রাম্প


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ /
ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে নতুন চুক্তির পথে হাঁটছেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি স্বাক্ষর ছাড়াই চলমান সংঘাত থেকে সরে আসতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার শর্ত দেওয়া হতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায় খুঁজছেন। তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না হলেও তিনি যুদ্ধ থেকে সরে আসতে প্রস্তুত। এ ক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকে যুদ্ধবিরতি বাড়ানোর প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে দ্রুত প্রভাব ফেলে। যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালি বন্ধ করে দেয় এবং মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের মিত্রদের চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয়। যদিও ওয়াশিংটন ইরানের এই বিধিনিষেধ ও টোল আরোপের প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প সাম্প্রতিক সময়ে দাবি করেছেন যে, প্রণালিটি পুরোপুরি খুলে গেছে, তবে এই সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে এখনো চাপ রয়ে গেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানও বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ কোটি ডলারের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া। বিশ্লেষকদের মতে, তেহরানের এই শর্তগুলো ইঙ্গিত দেয় যে, তারা দ্রুত কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নয়, বরং দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে ট্রাম্পের ওপর সামরিক অভিযান থেকে সাফল্য অর্জনের চাপ বাড়ছে, বিশেষ করে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায়। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি সচল করাকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন, যার ফলে নতুন পরমাণু চুক্তির শর্ত থেকেও সরে আসার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din