
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। সার্জিও গোর বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি আরও জানান, গণতন্ত্রকে শক্তিশালী করার পথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে সম্পর্ক উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মার্কিন প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে। সরকার বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও বৈঠকে গুরুত্ব দেয়া হয়েছে।
আমদানি ও রপ্তানি কার্যক্রম গতিশীল করতে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান ড. মাহদী আমিন। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের প্রথম সারির ব্যবসায়ীদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ এবং রপ্তানি সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :