
মধ্যপ্রাচ্যে ইরানি হামলার আশঙ্কা এবং চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে জর্ডানের আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (০১ আগস্ট) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল এবং ইরান সরকারের আচরণ অপ্রত্যাশিত।
নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বদা বাড়তি নজরদারি ও সতর্কতা বজায় রাখা উচিত। একই সাথে সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ইরান সরকারের নীতি অত্যন্ত অপ্রত্যাশিত, যা সম্প্রতি কোনো ধরনের উসকানি বা পূর্ব সতর্কবার্তা ছাড়াই এ অঞ্চলের বিভিন্ন এলাকায় তাদের আকস্মিক হামলার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। এছাড়া তারা এর আগে কখনো লক্ষ্যবস্তু করা হয়নি এমন নতুন এলাকাতেও যেমন মিশরে তাদের হামলার পরিধি বাড়িয়েছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়েছে, আমেরিকানদের সবসময় সতর্ক থাকতে হবে। অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়নি বলেই যে ভবিষ্যতে সেখানে তারা নিরাপদ থাকবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :