
জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপুর। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন যে, তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন রাম। তবে অভিনেতার দাবি, বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং শ্রেয়া নিজেই তাকে জানিয়েছেন যে তার মন্তব্যের মাধ্যমে তিনি খারাপ কিছু বোঝাতে চাননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কপুর জানান, শ্রেয়া তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন। রামের ভাষ্যমতে, শ্রেয়া তাকে বলেছেন, 'শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।' অভিনেতা আরও বলেন, 'আমি সব সময় এমনই। আমার স্নেহ প্রকাশের ধরন অনেক সময় শারীরিক। ক্যারিয়ারের শুরু থেকেই আমি এমন। কোনো বিষয়কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হবে, সেটা ভেবে আমি নিজেকে বদলাতে যাব না।'
রাম কপুর জানান, এসব সমালোচনাকে তিনি খুব একটা গুরুত্ব দিতে চান না এবং এ ধরনের বিতর্ক তার ওপর কোনো প্রভাব ফেলে না। দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্যারিয়ারে তার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও তার বিরুদ্ধে অভিযোগ করেননি, যা তার জন্য গর্বের। তিনি বলেন, 'এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের ক্যারিয়ার। আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।'
এই বিতর্কগুলোকে অভিনেতা ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তার মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন বিতর্ক তৈরি হয় যা মূল প্রসঙ্গের বাইরে চলে যায়। রামের কথায়, 'এই ছোটখাটো বিষয়গুলো বারবার ঘটতে থাকে। এমন বিতর্ক তৈরি হয়, যেখানে প্রসঙ্গের বাইরে কথা নিয়ে যাওয়া হয়। এগুলোর পেছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না। জীবন খুব দ্রুত এগিয়ে যায়। আমার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলোর দিকেই মন দিতে চাই।' এছাড়া সাক্ষাৎকারে তিনি শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা ও মতবিরোধের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :