Facebook Twitter Instagram YouTube

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, রাস্তায় পরীক্ষার্থীরা


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ / ০
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, রাস্তায় পরীক্ষার্থীরা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে কর্তৃপক্ষ তা বাতিলের সিদ্ধান্ত নেয়।

পরীক্ষা স্থগিতের আকস্মিক এই খবরে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। মানিক মিয়া অ্যাভিনিউ, সাতমসজিদ রোড, বাংলা কলেজ ও খিলগাঁওসহ শহরের একাধিক স্থানে তারা অবস্থান নেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লোকমান হোসেন জানান, আন্দোলনকারীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং সিগনালে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে আসাদগেটমুখী সড়ক অবরোধ করেছেন।

পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা হাজার হাজার চাকরিপ্রার্থী এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা জানান, তারা কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসার পরই পরিদর্শকরা পরীক্ষা হবে না বলে ঘোষণা দেন। মাদারটেকের এ আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ফরিদপুরের বাসিন্দা ঈমান মোল্লা জানান, কেন্দ্র থেকে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তারা জানতে পেরেছেন। একইভাবে তামিম নামে আরেক পরীক্ষার্থীও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩০০টি পদের বিপরীতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রার্থী আবেদন করেছিলেন বলে জানা গেছে।

বিক্ষোভের সময় চাকরিপ্রার্থীরা ‘প্রশ্ন ফাঁস হলো কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মানিক মিয়া অ্যাভিনিউতে অবরোধকারীরা তিন দফা দাবি তুলেছেন: প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, দূর থেকে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন। পুলিশের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১. প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

২. দূর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh