
নিজস্ব প্রতিবেদক | হ্যালো নরসিংদী
আজ (রবিবার) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক ও নৈশভোজে অংশগ্রহণ করার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে দলের সভাপতি মুফতি মজিবুর রহমান কিছুই জানেন না বলে জানিয়েছেন।
হ্যালো নরসিংদীর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মুফতি মজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক কিংবা প্রতিনিধি দল সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য বা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, এর আগেও দলের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন পর্যায়ে বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে সভাপতিকে অবহিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
আজকের নির্ধারিত বৈঠক নিয়েও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সংগঠনের ভেতরে নেতৃত্বের সমন্বয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেক নেতাকর্মীর প্রশ্ন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকের মতো বিষয়ে যদি দলের সভাপতিই অবগত না থাকেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে?
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৫ অংশে বিভক্ত। আজকের বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধি দল দলটির একটি অংশের প্রতিনিধিত্ব করছে বলে জানা গেছে।
এ বিষয়ে নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :