
সংকটে থাকা কয়েকটি বীমা কোম্পানির সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআরসহ অন্যান্য আর্থিক সম্পদ নগদায়নের মাধ্যমে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী এক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
আইডিআরএ চেয়ারম্যান জানান, প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সম্পদ বিক্রির অর্থ আইডিআরএ’র তদারকিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলোর জমি বিক্রি ও সম্পদ লিকুইডেট হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকে টাকা আসবে এবং সেই অর্থ গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে। এই পরিশোধ প্রক্রিয়ায় ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ যে গ্রাহকের দাবি আগে এসেছে, তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি কোম্পানির জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কোম্পানিগুলো সরাসরি অর্থ ব্যবহারের সুযোগ না পায়।
বকেয়া পরিশোধের বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদাহরণ টেনে মীর নাদিয়া নিভিন জানান, কোম্পানিটির প্রায় ৩ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। ফেনীতে থাকা কোম্পানিটির জমি ও কিছু বন্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে আগামী সপ্তাহে গ্রাহকদের দাবি পরিশোধ শুরু হবে। প্রাথমিকভাবে কয়েকশ কোটি টাকা দিয়ে এই কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। আর্থিক সংকটের কারণে আপাতত প্রতিষ্ঠানটির প্রথম বর্ষের নতুন প্রিমিয়াম গ্রহণ বন্ধ রাখা হলেও নবায়ন প্রিমিয়াম নেওয়ার সুযোগ রয়েছে। ফারইস্টের সব সম্পদ ও বন্ড তরলীকরণ করা হলে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানোই কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। কোম্পানিগুলোর সম্পদ ও আর্থিক সক্ষমতা যাচাই করে দাবি পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বীমা খাতকে একটি শক্তিশালী আর্থিক খাতে পরিণত করতে আইডিআরএ সরাসরি তদারকি করছে। অনুষ্ঠানে আইআরএফ সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরএফ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
আপনার মতামত লিখুন :