Facebook Twitter Instagram YouTube

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুটি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ /
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুটি

টানা বৃষ্টি ও জ্বালানি সংকটের প্রভাবে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম এখন বেশ চড়া। মঙ্গলবার দুপুরে আগারগাঁও, হাতিরপুল ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে সরেজমিনে দেখা গেছে, বাজারে থাকা ২১ ধরনের সবজির মধ্যে মাত্র পেঁপে ও বড় করলা ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে। বাকি সবজির দাম চড়া, যার মধ্যে কোনো কোনোটি ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শসা ৬০ টাকা এবং গাজর ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস কচু ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, ছোট করলা ৮০ টাকা, শিম ২০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধুন্দল ৫০ টাকা, করলা ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। লাউ প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকা এবং শাকের আঁটি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির মৌসুমে সাধারণত কচুর লতি, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, ধুন্দল ও কচুর মুখির সরবরাহ বেশি থাকে, যার ফলে দাম কম থাকার কথা। কিন্তু এবার এগুলোর দামও ৫০ টাকার ওপরে। বিক্রেতা আমির জানান, সবজির দাম আগের মতোই চড়া রয়েছে, কিছু সবজির দাম বাড়লেও বেশিরভাগই অপরিবর্তিত। বিক্রেতা মিজান জানান, চাষাবাদ কমে যাওয়া এবং প্রতিকূল আবহাওয়া সবজির দাম বাড়ার মূল কারণ। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়ছে।

সবজির পাশাপাশি মাছ, মাংস, মুরগি ও ডিমের দামও চড়া। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে বাইন মাছ ৮০০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৫০ থেকে ৪২০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা এবং ইলিশ মাছ আকারভেদে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবকে দায়ী করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবুজ আহমেদ জানান, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চরম অস্বস্তিতে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din