
লালমনিরহাটে মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে তার স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আতিকুলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আতিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকার মৃত হাবিবুর রহমান হবিয়ারের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে আতিকুল ও মিতু আক্তারের বিয়ে হয় এবং তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর পারিবারিক কলহের জেরে মিতু আক্তার একবার বাবার বাড়িতে চলে গিয়েছিলেন, তবে স্থানীয়দের মধ্যস্থতায় তিনি পুনরায় স্বামীর সংসারে ফিরে আসেন। এর ১৫ থেকে ২০ দিন পর, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আতিকুল লাঠি দিয়ে মিতু আক্তারকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আতিকুল স্ত্রীকে মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
পরদিন সকালে ঘরে থাকা ৫ মাস বয়সী শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে মিতু আক্তারের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। এই ঘটনায় নিহত মিতুর বাবা বাদী হয়ে আতিকুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :