
বন্যা পরিস্থিতির অবনতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর করা নোটিশে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার সব কেন্দ্রের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এছাড়া, বর্তমানে বিদ্যুৎ সংযোগ না থাকায় বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে পরীক্ষার্থীদের এই জরুরি বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :