
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ব্যাটারিচালিত ইজিবাইক সড়কের পাশে উল্টে পড়ে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মো. আদিব (১০)। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আদিবের মা নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫) গুরুতর আহত হয়েছেন। চালক হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে যাত্রী নিয়ে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ইজিবাইকটি সড়কের পাশে উল্টে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :