Facebook Twitter Instagram YouTube

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ / ০
মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত ১৬ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দর্শনা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসছিল। পথে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া ঘটনাস্থলেই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধার করা মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy