
সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে যেসকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার ও কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন। কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো রয়ে গেছে। তবে প্রধানমন্ত্রীর নিয়মিত তদারকির কারণে এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :