Facebook Twitter Instagram YouTube

রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি, পরিবার নিয়ে উদ্বেগ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ /
রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি, পরিবার নিয়ে উদ্বেগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও জনবুদ্ধিজীবী সেলিম রেজা নিউটন দীর্ঘ সময় ধরে সামাজিক ও নাগরিক অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তার দৃঢ় অবস্থান ছিল প্রশংসিত। তবে এই ভূমিকার কারণে তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অনলাইন হয়রানি, কুৎসা রটনা এবং হত্যার হুমকির মুখে পড়েছেন।

নিউটন বলেন, ‘জুলাই যেন ঘটেনি, জুলাই একটা মিথ্যা, জুলাই একটা অলিক এরকমের একটা অলিক প্রোপাগান্ডা, একটা প্রজেক্ট চলছে। এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই প্রজেক্টটা একেবারে শেখ হাসিনার এবং তার পুত্র জয় তাদের ব্যক্তিগত প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে। এটা একেবারেই পতিত পলাতক হাসিনা এবং তার রাজনৈতিক এবং পারিবারিক বংশধরদের ৩৬টি প্রজেক্টের একটি।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সময় থেকেই আমাকে লক্ষ্য করে অনলাইন আক্রমণ শুরু হয়। জুলাই থেকেই নিয়মিত এসব চলছে। প্রথম দিকে আমি গুরুত্ব দিইনি। মনে করেছি, এগুলো পাত্তা দেওয়ার মতো বিষয় নয়। কিন্তু একসময় পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ করতে হয়েছে। পরে মেসেজ রিকোয়েস্টও সীমিত করে দিয়েছি। ২০০৮ সাল থেকেই এসব অপতৎপরতা চলছে।’

নিউটন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান আমার কাছে শুধু রাজনৈতিক কোনো ঘটনা নয়; বরং ব্যক্তিগত অস্তিত্বের প্রশ্ন। ১৬ বছর আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারিনি। ঘর থেকে বের হলে মনে হতো, যদি আর ফিরে না আসি? এই অভিজ্ঞতা শুধু আমার নয়, অসংখ্য মানুষের ছিল। তাই জুলাই আমার কাছে শুধু রাজনীতি নয়, অস্তিত্বের প্রশ্ন।’

তার এই পরিস্থিতির বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিব জাকারিয়া এটিকে ‘সুপরিকল্পিত হয়রানি’ হিসেবে অভিহিত করেছেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, সেলিম রেজা নিউটন একজন লড়াকু ব্যক্তি এবং তাকে এভাবে টার্গেট করা কোনোভাবেই কাম্য নয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানিয়েছেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।