Facebook Twitter Instagram YouTube

বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা বিনির্মাণে কাজ করছে সরকার: মাহ্দী আমিন


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা বিনির্মাণে কাজ করছে সরকার: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং তার হাতকে শক্তিশালী করে বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেন যেখানে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর ও অগ্রদূত হিসেবে গড়ে উঠবে। উপদেষ্টা উল্লেখ করেন যে, প্রতিকূলতা ও বিরূপ প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা নিয়ে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের কান্ডারী হবে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার পাশাপাশি বন্যাকবলিত ৭টি জেলার শিক্ষার্থীরাও নানা প্রতিকূলতা উপেক্ষা করে অংশগ্রহণ করেছে, যা তাদের অদম্য মানসিকতার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন অনুযায়ী প্রাথমিক স্তরের প্রায় ৬৫ হাজার স্কুলে একসঙ্গে প্রায় ২ লক্ষ বৃক্ষ রোপণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে এই গাছগুলোর পরিচর্যা করবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মাহ্দী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণশিক্ষা কার্যক্রম ছড়িয়ে পড়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ে ভালো শিক্ষক, শিক্ষার্থী ও কারিকুলাম নিশ্চিত করতে বারবার প্রান্তিক এলাকায় ছুটে গিয়েছেন।

সরকার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার মূল্যায়নে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করবে বলে তিনি জানান। ইতিমধ্যে ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’ আয়োজনের পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din