Facebook Twitter Instagram YouTube

নেতৃত্বে বাংলাদেশ না থাকলে তিনি কিসের নেতা: রুহুল কবির রিজভী


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
নেতৃত্বে বাংলাদেশ না থাকলে তিনি কিসের নেতা: রুহুল কবির রিজভী

কারো নেতৃত্বে যদি সামগ্রিক বাংলাদেশ না থাকে এবং তার হৃদয়ের মধ্যে যদি গোটা বাংলাদেশ না থাকে, তাহলে তিনি কিসের নেতা বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গত ১৭ বছর ধরে আমরা সেটাই দেখেছি। দেশের মধ্যে দেশ এবং ঘরের মধ্যে ঘর তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা অনেক মেধাবী মানুষকে হারিয়েছি। অনেকে দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন এবং ফিরে আসেননি। আবার অনেকে আজীবনের জন্য বঞ্চিত হয়েছেন, যার ফলে নিজের বিকাশ ঘটিয়ে জাতিকে সেবা করার সুযোগ হারিয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া আর কাউকে পিছিয়ে রাখা মানেই হলো বাংলাদেশের মানুষের ক্ষতি করা এবং মানবতার ওপর আঘাত করা। গত ১৭ বছরে মেধাবী শিক্ষার্থীরা কেবল ভিন্ন মতাদর্শের কারণে প্রমোশন পায়নি বা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, ভালো ডাক্তার এবং রোগীদের প্রতি নিবেদিতপ্রাণ কাউকে তার যোগ্যতার কারণে অবমূল্যায়ন করা উচিত নয়। এমন অজ্ঞতার কারণে দেশে ব্রেন গেইন হচ্ছে না, বরং মেধার অপচয় করে দেশের সর্বনাশ করা হয়েছে।

রিজভী উল্লেখ করেন, ডা. রফিক, ডা. লোহানী, ডা. জাহাঙ্গীর ও ডা. শাকিলসহ অনেকেরই পর্যাপ্ত পাবলিকেশন এবং কোয়ালিটি থাকা সত্ত্বেও কেবল পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের প্রমোশন দেওয়া হয়নি। তারা মেডিকেল অফিসার হিসেবেই থেকে গেছেন। তিনি বলেন, ৫ই আগস্টের পরিবর্তন না হলে এরা কেউ অ্যাসিস্টেন্ট প্রফেসর বা প্রফেসর হতে পারতেন না। মানুষের বাঁচা-মরার সঙ্গে সরাসরি যুক্ত এই সেক্টরটিকেও একইভাবে ধ্বংস করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin