
আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় যাওয়ার পর অনেক সময় তা বাস্তবায়নে আগ্রহ হারিয়ে ফেলে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে অংশ নেওয়া মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করে গণমাধ্যমে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আতঙ্কিত করা কিংবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব নয়। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তিনি দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
বর্তমান সরকারের উদ্দেশে এবি পার্টির মহাসচিব বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো উদ্যোগ বর্তমান সরকারের জন্যই ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। বরিশালেও আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসীরা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রচারে নানা প্রতিবন্ধকতা ছিল। টেলিভিশন টক শো এবং গণমাধ্যমে বিরোধী মতামত প্রকাশের সুযোগ সীমিত ছিল। একই ধরনের পরিস্থিতি পুনরায় সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত সম্পন্ন, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের বেতন বকেয়া থাকার সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তিনি। এছাড়া দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি তুলে ধরেন ব্যারিস্টার ফুয়াদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :