
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি ফলপ্রত্যাশী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার যাত্রী ও আহত লিলু বেগম জানান, তারা অটোরিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জুম্মানের মোটরসাইকেলের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুম্মানের মৃত্যু হয়। আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সংঘর্ষের পরপরই স্থানীয়রা ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত জুম্মান স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জুম্মানের চাচা আনোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, জুম্মান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল, কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সেই সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাঁচজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :