Facebook Twitter Instagram YouTube

এনসিপি নেতাদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সরব ১১ দলীয় ঐক্য


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ /
এনসিপি নেতাদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সরব ১১ দলীয় ঐক্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং পরবর্তীতে পুলিশি বাধার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। এই হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার হবিগঞ্জে কর্মসূচি পালনে যাওয়ার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ দলের সিনিয়র নেতাদের পুলিশ আটকে দেয়। ১১ দলীয় ঐক্য এই আচরণকে গণতান্ত্রিক অধিকার হরণের শামিল বলে অভিহিত করে দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলো বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারো ওপর হামলার কোনো স্থান গণতন্ত্রে থাকতে পারে না। কারো বক্তব্য আক্রমণাত্মক মনে হলে তার জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে জবাব দেওয়া ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তুলে নিয়ে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে বিরোধীদলের কর্মসূচি বাধাগ্রস্ত করা নাগরিকদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করার সামিল। দেশে স্থিতিশীলতা ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার স্বার্থে ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত না করার আহ্বান জানান হামিদুর রহমান আযাদ। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের মতো দলদাস না হয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh