Facebook Twitter Instagram YouTube

শিবপুরের মানুষের জন্য প্রয়োজনে আমি জীবনও উৎসর্গ করতে প্রস্তুত — মাওলানা রাকীবুল ইসলাম


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ /
শিবপুরের মানুষের জন্য প্রয়োজনে আমি জীবনও উৎসর্গ করতে প্রস্তুত — মাওলানা রাকীবুল ইসলাম

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই ডিসেম্বর) শিবপুর উপজেলার ইটাখোলা বালুর মাঠে  এ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল বাছেত কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও নরসিংদী–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ৩৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও আদর্শিক অবস্থানের ইতিহাস তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন, “১৯৮৯ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের দুঃসময়ে এই সংগঠন সবসময় ঢাল হয়ে কাজ করেছে।” তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনামলে খেলাফত মজলিসের প্রায় প্রতিটি নেতা-কর্মী নির্যাতন, জুলুম ও হয়রানির শিকার হয়েছেন।”

 

তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, আমীরে মজলিসের নির্দেশে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন তারা। সেই আন্দোলনের এক পর্যায়ে তিনি নিজেও বুলেটবিদ্ধ হয়েছিলেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,

“শিবপুরের মানুষের জন্য প্রয়োজনে আমি আমার জীবনও বিসর্জন দিয়ে দেব।”

শিবপুর উপজেলার দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছর ধরে শিবপুরের মানুষ কেবল প্রতারিত হয়ে আসছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজধানীতে গিয়ে ভোগ-বিলাসে মত্ত থেকেছেন, কিন্তু এলাকার উন্নয়নে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি।” তিনি অভিযোগ করেন, শিবপুরের প্রায় সব সেক্টরেই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে।

 

তিনি আরও বলেন, “শিবপুরের এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের এখনই সময়। আমাদের উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, আমাদের উদ্দেশ্য জনগণের সেবা করা।” শিবপুরবাসীর উদ্দেশে তিনি দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের কখনো ছেড়ে যাব না।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রাসুলপুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শিবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি রহমতুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।