Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন সংগ্রহ


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন সংগ্রহ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনের নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফশিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপাতত কেবল নির্বাচনের তফশিল প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor