Facebook Twitter Instagram YouTube

মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয়রা শহীদ মিনারে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। নিজের পরিবারের সাথে না থেকে সে আকরাম নামের এক ব্যক্তির বাড়িতে তার নানার সঙ্গে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই সিহাব নিখোঁজ ছিল। তার কর্মস্থলের মালিক মনির হোসেন জানান, সিহাব শনিবার ছুটি নিয়েছিল এবং সেদিন কর্মস্থলেও যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, সিহাব গত কয়েক দিন ধরে বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh