Facebook Twitter Instagram YouTube

বুড়িচংয়ে মাদক কারবারিদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১:০২ অপরাহ্ণ /
বুড়িচংয়ে মাদক কারবারিদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক কারবারি ও মাদকসেবীদের তথ্য প্রদানকারীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের এই আহ্বান জানান।

পোস্টে সাইফুল ইসলাম টিপু উল্লেখ করেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিকে কার্যকর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

ঘোষণা অনুযায়ী, কোনো মাদক কারবারির বিষয়ে সঠিক তথ্য প্রদান করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরে সহায়তা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া কোনো মাদকসেবীর বিষয়ে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই বিএনপি নেতা।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই বুড়িচংকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করা জরুরি। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মাদক কারবারি বা মাদকসেবীকে নিজের হাতে আটক কিংবা আইন প্রয়োগের চেষ্টা না করে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh