Facebook Twitter Instagram YouTube

চাঁদপুরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার আসামির পুলিশি হেফাজতে মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ /
চাঁদপুরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার আসামির পুলিশি হেফাজতে মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার মিজানুর রহমান (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মিজানুর রহমান উপজেলার কৈড়াতলী গ্রামের বাবুর বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে আসামি অসুস্থতা অনুভব করলে পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মিজানুর রহমানের মৃত্যুকে ঘিরে ভিন্ন দাবি করেছে তার পরিবার। নিহতের স্বজন মামুন পাটোয়ারী অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে কৈড়াতলী গ্রামের মোশফিকুর রহমান ঈমু, আসিফ ভুঁইয়া ও কালু মিয়ার একটি চক্র মিজানুর রহমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল। তার অভিযোগ, তাদের যোগসাজশে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে এবং মানসিকভাবে নির্যাতন করেছে। পরিবারের দাবি, ধর্ষণচেষ্টার অভিযোগের অপবাদ ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই তার মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy