Facebook Twitter Instagram YouTube

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ /
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী ইসরাত জাহান (দিপা)-কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান উপজেলার কদমী গ্রামের বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শেখ কোব্বাত হোসেন জানান, ২০২০ সালের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায়ও অভিযোগ আনা হয়েছিল।

আইনজীবী আরও জানান, মামলার পর আসামি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। আদালত তাকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অর্থপাচার আইনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ওই ধারা থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে আসামির এক কোটি ৬৯ লাখ চার হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, মামলার বিচার চলাকালীন আসামির আগের হাজতবাসের সময়কাল সাজার সঙ্গে সমন্বয় করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor