
চট্টগ্রামের আনোয়ারায় দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও শিশু পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এছাড়া ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার (১৬) মৃত্যু হয়। আহত শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, তিনি ঘটনার সময় শহরে ছিলেন। বড় ভাইয়ের কাছ থেকে ফোনে খবর পেয়ে বাড়িতে এসে তিনি এই পরিস্থিতির মুখোমুখি হন। সুজন বড়ুয়ার দাবি, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, সেই লেনদেনের কাগজপত্রের খোঁজে বাড়িতে ঢুকে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :