
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি শখের বসে গানও করে থাকেন। এই ভালোলাগা থেকেই এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি। ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে দুই ঘণ্টাব্যাপী এই সংগীত সন্ধ্যা চলবে। কনসার্টটির আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ভিআইপি টিকিটের মূল্য ৩০০ ডলার।
যুক্তরাষ্ট্র থেকে নিজের একক সংগীত পরিবেশনা নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।
কনসার্টের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, আপাতত যে গানগুলো করব, সেগুলো নিয়ে প্র্যাকটিস করছি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অপূর্ব বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি।
আপনার মতামত লিখুন :