Facebook Twitter Instagram YouTube

ভ্রমণ পরিকল্পনা সহজ করতে গুগলের এআই মোডে তিন নতুন সুবিধা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
ভ্রমণ পরিকল্পনা সহজ করতে গুগলের এআই মোডে তিন নতুন সুবিধা

ভ্রমণ পরিকল্পনা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে গুগল তাদের সার্চের এআই মোডে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ফ্লাইটের ভাড়ার ওপর নজর রাখা বা ট্র্যাকিং, মাইল বা রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ফ্লাইট ও হোটেলের খরচ দেখার সুবিধা এবং সরাসরি হোটেল বুকিংয়ের ব্যবস্থা।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এআই মোডে তাদের গন্তব্য ও ভ্রমণের সময় জানালে ৩০০টিরও বেশি এয়ারলাইন ও ভ্রমণসাইট থেকে ফ্লাইটের বিভিন্ন বিকল্প প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট গন্তব্য ও তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার নির্দেশ দিতে পারবেন এবং ভাড়ায় পরিবর্তন হলে গুগল স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে তাদের অবহিত করবে। এই মূল্য-ট্র্যাকিং সুবিধাটি ইউরোপীয় অর্থনৈতিক এলাকার দেশ ও অঞ্চলগুলো বাদে এআই মোড চালু থাকা অন্যান্য দেশ ও ভাষায় পাওয়া যাবে।

নতুন এই ফিচারের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ব্যবহারকারীরা এখন ফ্লাইটের দাম মাইল বা পয়েন্টে এবং হোটেলের খরচ রিওয়ার্ড পয়েন্টে দেখতে পারবেন। শুরুতে এই সুবিধা আলাস্কা এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, চয়েস হোটেলস ইন্টারন্যাশনাল, হিলটন এবং উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টসের ক্ষেত্রে কাজ করবে। পরবর্তীতে অ্যাকর, ফ্লাইং ব্লু, হায়াত, লাতাম এয়ারলাইনস এবং লুফথানসা গ্রুপকেও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও এআই মোডকে আরও কার্যকর করা হচ্ছে। ভ্রমণের তারিখ, গন্তব্য ও পছন্দ জানালে এআই মোড বিভিন্ন হোটেলের বিকল্পের পাশাপাশি অতিথিদের রিভিউও দেখাবে। এরপর গুগল পে ব্যবহার করে সরাসরি বুকিং সম্পন্ন করা যাবে। হোটেল বুকিংয়ের এই সুবিধাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরুতে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু হবে এবং এক্সপিডিয়া, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল ও প্রাইসলাইনসহ বেশ কয়েকটি অংশীদার সাইটের মাধ্যমে বুকিং কার্যক্রম সম্পন্ন করা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy