Facebook Twitter Instagram YouTube

স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা জানান, জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ কাজ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সরকার এই সংকট মোকাবিলায় কাজ করছে এবং এটি দীর্ঘস্থায়ী হবে না।

বিদ্যুৎ সরবরাহের বণ্টন নীতি নিয়ে তিনি বলেন, অতীতে ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার এই সংকটের চাপ শহর ও গ্রামের মধ্যে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে। জাহেদ উর রহমান আরও বলেন, বড় শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে নীতিগত অগ্রাধিকার থাকলেও, শুধু শহরের ক্ষমতাবানদের জন্য বেশি বিদ্যুৎ দেওয়ার নীতি সরকার নেয়নি। সংকটের সময়ে সবাইকে এই কষ্ট ভাগ করে নিতে হবে।

তিনি জানান, ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে। এর ফলে ঢাকার বাইরের শিল্প-কারখানা ও গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের চাপ কমছে।

এছাড়া, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবির বিপরীতে বাস্তবে লোডশেডিংয়ের প্রকৃত তথ্য আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি এবং ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা তৈরির বিষয়টিও উঠে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din