
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরকে পুরোপুরি গুজব বলে নাকচ করে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “এটি গুজবের একটি অংশ।” এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো জটিলতা নেই যা সমাধান করা সম্ভব নয়।
তরুণদের দেশের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক শিক্ষা এবং কারিগরি দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে।
তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, তরুণদের শক্তি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে এরই মধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :