Facebook Twitter Instagram YouTube

বন্ধ কলকারখানা সচলে ৪১ হাজার কোটি টাকার চুক্তি ১৭ ব্যাংকের


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
বন্ধ কলকারখানা সচলে ৪১ হাজার কোটি টাকার চুক্তি ১৭ ব্যাংকের

দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় সচল করা, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের স্থবির অর্থনীতিতে নতুন করে গতি ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। এই উদ্যোগের আওতায় ১৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে এই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। বিশাল এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আসবে এবং বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক।

এই প্যাকেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর জন্য। বেসরকারি খাতের উদ্যোক্তারা এই তহবিল থেকে গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এর আগে জানিয়েছিলেন, এটি মূলত একটি ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি, যার মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪১ হাজার কোটি টাকার এই তহবিলের ঋণ বিতরণ কার্যক্রম সেপ্টেম্বরের শুরুতে শুরু হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ উদ্যোগের ফলে বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din