
জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্সবিহীন একটি গুদামে অবৈধভাবে সার মজুত করার দায়ে দুলাল নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বগারচর ইউনিয়নের ওই অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর পাওয়া যায়। অভিযানে গুদাম থেকে মোট ৭২ বস্তা সার জব্দ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তির বৈধ কোনো লাইসেন্স বা অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। উদ্ধার করা এই সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযান শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, কৃষকদের মাঝে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট তৈরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাইসেন্স বা অনুমোদন ছাড়া সার মজুত, পরিবহন কিংবা বিক্রি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :