
মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ লঞ্চ টার্মিনালসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতুন করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে টার্মিনালের পশ্চিম পাশে নদীর পাড় ঘেঁষা ফাঁকা জায়গায় শ্রমিকদের মাধ্যমে টিন ও কাঠের স্থাপনা তৈরির কাজ চলছে। প্রকাশ্যে নির্মাণকাজ চললেও এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নানা আলোচনা রয়েছে, তবে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওই এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছিল। এরপর দীর্ঘদিন জায়গাটি উন্মুক্ত থাকায় স্থানীয়রা নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ পেতেন। কিন্তু নতুন করে স্থাপনা নির্মাণ শুরু হওয়ায় সেই পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি বেদখলের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজের সঙ্গে বাল্কহেড জাহাজ মালিক সমিতির সংশ্লিষ্টতা রয়েছে। তবে সমিতির সহসভাপতি আবদুল জব্বার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'এখানে আমাদের একটি ঘর ছিল। সরকার সেটি ভেঙে দেওয়ার পর আমরা অন্য জায়গায় অফিস ভাড়া নিয়েছি। আমিও শুনেছি এখানে দোকান নির্মাণ হচ্ছে। কারা দোকান নির্মাণ করছে, তা আমরা জানি না।'
বিষয়টি নিয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, যেখানে স্থাপনা নির্মাণ হচ্ছে সেখানে তাদেরও কিছু জায়গা রয়েছে, তবে জায়গাটি মূলত বিআইডব্লিউটিএর। তিনি লোক পাঠিয়ে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের বলে তিনি সংশ্লিষ্টদের জানিয়েছেন এবং প্রয়োজন হলে প্রশাসন সহযোগিতা করবে। এদিকে, নির্মাণকাজ চলতে দেখা গেলেও তা বন্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :