
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে র্যাব। শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে।
অভিযানে গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। আটক নুরুজ্জামান শ্যামনগর উপজেলার পারশেখালী গ্রামের বাসিন্দা আজিবর গাজীর ছেলে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান শ্যামনগরের পারশেখালী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সেখানে অবস্থান নেয়। জব্দকৃত মালামালসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :