
কক্সবাজারের রামুতে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই মাদক পাচারের অভিযোগে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়। চেকপোস্টে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করে বিজিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেলে মাদক বহনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। একপর্যায়ে তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. জসিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আন্দারমানিক এলাকার মো. মোজাহের মিয়ার ছেলে। আরোহী মো. আলমগীর একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে রামু ব্যাটালিয়নের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :