
সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা চলাকালীন ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এক ল্যাব সহকারীকে বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই ল্যাব সহকারীর নাম শুকুর আলী, যিনি রসায়ন বিভাগে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়।
ঘটনার সূত্রপাত বুধবার, যখন সিরাজগঞ্জ শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শেষে রসায়ন বিভাগের ল্যাব সহকারী শুকুর আলী ব্যবহারিক খাতা দেখার অছিলায় ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, হাজিরা খাতায় স্বাক্ষর করার সময় ল্যাব সহকারী তাদের শরীর স্পর্শ করেন। ছাত্রীরা সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি বারবার কাছে এসে গায়ে হাত দেন। এছাড়া ওই ল্যাব সহকারীর বিরুদ্ধে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ তোলা হয়েছে।
পরদিন বৃহস্পতিবার ২১ জন ছাত্রী সম্মিলিতভাবে কলেজের অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তারা ওই ল্যাব সহকারীর বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদল হাসান জানান, শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে ওই ল্যাব সহকারীকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভুক্তভোগী ছাত্রীদের দাবি, শুধুমাত্র বদলিই যথেষ্ট নয়, বরং তাদের সঙ্গে করা আচরণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ক্ষমা চাইতে হবে।
আপনার মতামত লিখুন :