
বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটারদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের ক্ষেত্রে একটি নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে। জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশকে ফেসবুকের পেমেন্ট পদ্ধতিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারের পেমেন্ট অপশনে বিকাশের নাম দেখা গেছে। এমনকি কয়েকজন ব্যবহারকারী বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধের কথাও জানিয়েছেন।
বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে ব্যবহারকারীদের আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হয়। কার্ডে ডুয়াল কারেন্সি সুবিধা চালু করা এবং ব্যাংকের অনুমোদনের মতো জটিল প্রক্রিয়ার কারণে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তা বিজ্ঞাপন দিতে গিয়ে সমস্যায় পড়েন। বিকাশ যুক্ত হলে স্থানীয়ভাবে বিল পরিশোধের সুযোগ তৈরি হবে, যা এই সমস্যার সমাধান করতে পারে।
বিশেষ করে ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো এই সুবিধার মাধ্যমে উপকৃত হতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনটি দেখা যায়।
তবে মেটার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং সুবিধাটি বর্তমানে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসা ও ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবহার আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :