Facebook Twitter Instagram YouTube

বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা দিবে: আসিফ আকবর


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা দিবে: আসিফ আকবর

সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে সংগীতশিল্পী আসিফ আকবর দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আসিফ আকবর বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ অসভ্য ও পলাতক ফ্যাসিস্ট শক্তির শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। তিনি এই ঐতিহাসিক বিজয়ে ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার আপসহীন দৃঢ়তা বর্তমান জেন-জি প্রজন্মের অস্তিত্বেও বিরাজমান।

বেগম জিয়ার সংগ্রামের কথা উল্লেখ করে আসিফ বলেন, তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই এবং এই মাটির মানুষই তার ঠিকানা। তিনি এই মাটিতেই শায়িত আছেন। তার বিদায়বেলায় সর্বস্তরের মানুষের আবেগপূর্ণ উপস্থিতি ছিল এবং তিনি গর্বিত বিজয়ীর মতোই বিদায় নিয়েছেন। আসিফ আকবরের মতে, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরঅম্লান থাকবেন।

পোস্টের শেষাংশে আসিফ আকবর লেখেন, বেগম জিয়ার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম ভোলার মতো নয়। তিনি আরও বলেন, এই দেশের তারুণ্য তার আপসহীনতাকে অন্তরে ধারণ করে এবং বাংলাদেশ আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি এ দেশের মানুষের হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন অনন্তকাল। আপনার প্রতি অবিরাম ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা রইল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh