
রাজধানীর মিরপুরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি কর্মীসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় মো. আলমগীর হোসেনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত আলমগীরের চাচা মোহাম্মদ আশিক জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলি লেগেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
পেশায় মাছ ব্যবসায়ী আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানার একজন বিএনপি কর্মী। তিনি বর্তমানে সপরিবারে মিরপুর-১১ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর এলাকা থেকে একজন বিএনপিকর্মী এবং একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আলমগীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত নারী অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :