Facebook Twitter Instagram YouTube

এলএনজি আমদানির নতুন প্রস্তাব অনুমোদন সরকারি ক্রয় কমিটির


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ /
এলএনজি আমদানির নতুন প্রস্তাব অনুমোদন সরকারি ক্রয় কমিটির

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট এই কার্গোটি ডেলিভারি দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সেই হিসাবে এই চালানের মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলারের সমান।

একই সভায় ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার একটি দরপ্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৈঠক থেকে সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin