Facebook Twitter Instagram YouTube

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের তিন দিন পর কৃষকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ /
ব্রহ্মপুত্র নদে নিখোঁজের তিন দিন পর কৃষকের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নদ থেকে একটি ড্রেজার মেশিনের পাইপের সঙ্গে আটকে থাকা অবস্থায় স্বজনরা তার লাশটি খুঁজে পান। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

এর আগে, নিখোঁজ হওয়ার পর বুধবার বিকেলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সেদিন সন্ধ্যা নেমে আসায় অভিযান স্থগিত করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা সাত ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। তবে কোনো সন্ধান না পাওয়ায় প্রশাসন ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, দুই দিন সর্বোচ্চ চেষ্টা করার পরও নিখোঁজ ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে গিয়েছিল। অবশেষে নিখোঁজের তিন দিন পর স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh