
শুক্রবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই ঘটনায় পুরো লাউঞ্জ এবং এর আশপাশের এলাকা মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লাউঞ্জের ভেতর হঠাৎ ধোঁয়া দেখা দিলে সেখানে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। আগুন বড় আকার ধারণ করার আগেই লাউঞ্জের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম ভোর ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বলাকা লাউঞ্জের রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়েছিল। কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আপনার মতামত লিখুন :