Facebook Twitter Instagram YouTube

স্থানীয় নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়নে গুরুত্ব দেবে বিএনপি


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ /
স্থানীয় নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়নে গুরুত্ব দেবে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় নীতি ও মানদণ্ড চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ভোটারদের কাছে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া দলের দুঃসময়ে মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন ও অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গত শনিবার রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভায় এই কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং জয়পুরহাট ও নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনের আগে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হবে কি না, তা নিয়ে নেতাদের মতামত চাওয়া হয়। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সব জেলার নেতাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, মতবিনিময়কালে তারা দলীয় বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। এছাড়া সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin