Facebook Twitter Instagram YouTube

এক সপ্তাহে সৌদি থেকে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ /
এক সপ্তাহে সৌদি থেকে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলা দেশব্যাপী বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং দেশ ত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া এবং পরিবহনের অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে আটক প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে এরই মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৪২৪ জনকে প্রস্থানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

এই সময়ে গ্রেফতার প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬০০ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor