
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলেন?’ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেরা হাসপাতালের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনার চারপাশে মন্ত্রী-এমপি যারা আছেন, তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না।’ তিনি জোর দিয়ে বলেন যে জামায়াত কখনোই ‘গুপ্ত’ ছিল না। যারা বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার কথা বলেন, তাদের বক্তব্যের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বিএনপি এখন সেই অভ্যুত্থানের চেতনা থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি দাবি করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও দলটি এখন তা ভুলে গেছে। মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, কিন্তু বর্তমানে তারা সেই অঙ্গীকার রক্ষা করছে না।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, আইন সংশোধনের মাধ্যমে ‘রিফর্ম আওয়ামী লীগ’ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এছাড়া ক্ষমতাসীনরা জুলাইয়ের চেতনা ভুলে প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই বিক্ষোভ সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :