Facebook Twitter Instagram YouTube

বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ /
বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করার পাশাপাশি বেসরকারি খাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, কর সংস্কার, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের মতামত ও তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেছেন। দীর্ঘদিনের কাঠামোগত জটিলতার কারণে শিল্প ও বিনিয়োগ খাতে যে সংকট তৈরি হয়েছিল, তা নিরসনে গত পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন।

আলোচনায় বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি দূর করা, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কাঠামো সংস্কার, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন এবং বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যমান প্রক্রিয়া সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, যেখানে বেসরকারি খাত আরও শক্তিশালী হবে এবং তরুণ ও নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারের জনবান্ধব নীতিমালা, বাজেট এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন বলে জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin