Facebook Twitter Instagram YouTube

পাসপোর্ট সূচকে তিন ধাপ উন্নতি বাংলাদেশের, শীর্ষে সিঙ্গাপুর


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
পাসপোর্ট সূচকে তিন ধাপ উন্নতি বাংলাদেশের, শীর্ষে সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের মাঝামাঝি সময়ের এই সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। তালিকায় এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচকটি তৈরি করা হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্যের ওপর ভিত্তি করে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করেই এই শক্তিশালী পাসপোর্টের তালিকা করা হয়। সূচকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে এই সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারতেন।

গত কয়েক বছরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তার আগের বছর ২০২৪ সালে বাংলাদেশ ৯৭তম অবস্থানে ছিল। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ ৯৮তম, ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২৩ সালে ১০১তম অবস্থানে ছিল। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

এবারের সূচকে যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে থাকা ১১টি ইউরোপীয় দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ষষ্ঠ অবস্থানে থাকা হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে, সপ্তম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে এবং অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নবম অবস্থানে থাকা লিচেনস্টেইন ও লিথুনিয়ার পাসপোর্টধারীরা ১৮১টি দেশে এবং দশম অবস্থানে থাকা আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৮০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

অন্যান্য দেশের মধ্যে ফুটবলের পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ১৬তম অবস্থানে আছে, যাদের পাসপোর্টধারীরা ১৬৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। যুদ্ধরত ইউক্রেন ৩১তম এবং রাশিয়া ৪২তম অবস্থানে রয়েছে। ইউক্রেনের পাসপোর্টধারীরা ১৪২টি দেশে এবং রাশিয়ার পাসপোর্টধারীরা ১১৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ইসরায়েলের অবস্থান ১৮তম (১৬৬টি দেশ)। ইরান ও ফিলিস্তিন ৯৬তম অবস্থানে আছে, যারা ৩৭টি দেশে ভিসা ছাড়া যেতে পারে। সৌদি আরব ৫৪তম এবং চীন ৬০তম অবস্থানে রয়েছে। হাইতি ও ভিয়েতনাম আছে ৮৭তম অবস্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৫২তম অবস্থানে থেকে তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে, যাদের পাসপোর্টধারীরা ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এরপর ভারতের অবস্থান ৮১তম (৫৫টি দেশ), ভুটান ৮৮তম (৪৭টি দেশ), মিয়ানমার ৯১তম (৪৩টি দেশ), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি দেশ) এবং নেপাল ৯৮তম (৩৪টি দেশ) অবস্থানে রয়েছে। পাকিস্তান ১০১তম অবস্থানে থেকে ২৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পায়। সূচকের সবার নিচে ১০৪তম অবস্থানে আছে আফগানিস্তান, যাদের পাসপোর্টধারীরা ২২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এছাড়া সিরিয়া ১০৩তম এবং ইরাক ১০২তম অবস্থানে রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo